Headlines

ঠাকুরঘরেও রক্ষা নেই! মা লক্ষ্মীর ঘট ভেঙে ২০ হাজার টাকা চুরি, আতঙ্কে উত্তর চড়িলামের বাসিন্দারা

বিশালগড়, নিজস্ব প্রতিনিধি: চোরের দাপটে এখন আর নিরাপদ নয় ঠাকুরঘরও। শুক্রবার গভীর রাতে বিশালগড় মহকুমার উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঠাকুরঘরে ঢুকে মা লক্ষ্মীর ঘট ও প্রণামী বাক্স ভেঙে ২০ হাজার টাকারও বেশি নগদ অর্থ নিয়ে পালিয়েছে দুর্বৃত্ত। পাশাপাশি ঠাকুরঘর তছনছ করে দেওয়া হয়েছে।পরিবারের সদস্যদের দাবি, বাড়ির সামনেই থাকা তাঁদের ছোট হোটেলের আয় থেকে প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা করে মা লক্ষ্মীর ঘটে জমিয়ে রাখা হতো। দীর্ঘদিনের সেই সঞ্চয়ই এক রাতে চুরি হয়ে যায়। গৃহিণী সম্পা দত্ত জানান, ঘটে ২০ হাজার টাকারও বেশি ছিল, যার সবটাই নিয়ে গেছে চোর।স্থানীয়দের অভিযোগ, গত আড়াই বছর ধরে একই ব্যক্তি উত্তর চড়িলাম ও আশপাশের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে চলেছে। শুধু বসতবাড়ি নয়, ঠাকুরঘরেও চুরি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, সন্দেহভাজন ব্যক্তিকে অনেকেই চেনেন, তবুও তাকে আইনের আওতায় আনা যাচ্ছে না।শনিবার সকালে বিশালগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বাড়ির মালিক এক সন্দেহভাজনের নাম পুলিশের কাছে জানান। পরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালালেও পুলিশের উপস্থিতির খবর পেয়ে সে পালিয়ে যায় বলে অভিযোগ।ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় চুরি, নেশার কারবার ও নানা অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে, কিন্তু সেভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। তাই নিয়মিত পুলিশ টহল বাড়ানো এবং চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন তাঁরা।এখন এই ঘটনার তদন্তে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কি না, সেদিকেই নজর রয়েছে উত্তর চড়িলামের মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *