কৈলাসহর, নিজস্ব প্রতিনিধি: হিরাছড়া এডিসি ভিলেজের দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যজনক মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। শনিবার এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে কৈলাসহরের বাবুরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রায় এক ঘণ্টার পথ অবরোধ কর্মসূচি পালন করে যুব কংগ্রেস, এনএসইউআই এবং যুবরাজনগর কলোনি গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।আন্দোলনকারীদের দাবি, ঘটনার প্রকৃত রহস্য এখনও উন্মোচিত হয়নি। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই কারণেই আদালতের অনুমতি নিয়ে মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের দাবি তোলা হয়েছে, যাতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হয়।বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার এবং তদন্ত যথাযথভাবে এগিয়ে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।তবে আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, শুধু প্রতিশ্রুতি নয়, তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তাঁরা। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছেন।
জুবাইদার রহস্যমৃত্যুর কিনারা কবে? তদন্তের দাবিতে কৈলাসহরে পথে নামলেন সহপাঠী ও এনএসইউআই কর্মীরা
