বিশালগড়ের চড়িলাম-কানাইবাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে রাস্তার মাঝখানে একটি বড় গর্ত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই গর্তটি প্রথম দেখতে পান। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে কে বা কারা রাস্তার মাঝখানে গর্তটি খুঁড়ে রেখে গেছে। বিষয়টি জানতে পেরে দ্রুত বিশালগড় থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্তটি ঘিরে তদন্ত শুরু করে। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গর্তের ভেতর থেকে মাটি সরানোর কাজ করা হয়। খোঁড়াখুঁড়ির পর সেখানে একটি তারের সন্ধান মিলেছে। তবে সেটি কী উদ্দেশ্যে বা কারা সেখানে পুঁতে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার পর এলাকাবাসীর একাংশ রাতের পুলিশি টহল নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, নিয়মিত ও কার্যকর টহলদারি থাকলে এ ধরনের রহস্যজনক ঘটনা ঘটানোর সুযোগ হয়তো কেউ পেত না। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। রহস্যময় এই গর্তকে ঘিরে এলাকায় এখনও কৌতূহল ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
রাতের অন্ধকারে রাস্তার মাঝে রহস্যময় গর্ত, আতঙ্কে কানাইবাড়ি; ঘটনাস্থলে পুলিশ
