আমতলী থানাধীন সূর্যমনিনগর ১৯ কাঠ এলাকায় এক সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। গতকাল রাত থেকে তার কোনো খোঁজ না মেলায় পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে।পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম রাখি নম (২৬)। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তার মোবাইল ফোনে একটি কল আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এরপর প্রায় দুই ঘণ্টা কেটে গেলে পরিবারের সদস্যরা দেখতে পান, রাখি আর বাড়িতে নেই। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না।গৃহবধূর স্বামী হাচন সরকার জানান, আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও স্ত্রীকে না পেয়ে তিনি আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। প্রশাসনের কাছে তার একটাই আবেদন— দ্রুত স্ত্রীকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।নিখোঁজ গৃহবধূর মা-ও গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, রাতে জামাই ফোন করে মেয়ের নিখোঁজ হওয়ার খবর দেন। তিনি বলেন, মেয়েকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসন যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়।এদিকে গৃহবধূর স্বামীর আরও দাবি, একই এলাকার রাধা রমন দেব নামে এক যুবকও ওই রাত থেকেই নিখোঁজ রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। যদিও ওই যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যরা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ গৃহবধূর সন্ধান মিলবে এবং রহস্যের জট খুলবে।
রাতের ফোনকলের পর রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ
