ধর্মনগরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেন তিন সাংবাদিক। অভিযোগ, ধর্মনগর থানার অদূরে পদ্মপুর দ্বাদশ মান বিদ্যালয় মাঠে চলা চড়ক মেলায় প্রকাশ্যে জুয়ার আসর বসার খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান কয়েকজন সাংবাদিক। জুয়ার কর্মকাণ্ডের ছবি ও তথ্য সংগ্রহের সময় একদল জুয়াড়ি তাদের বাধা দেয় এবং পরে হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনায় তিন সাংবাদিক আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার পর সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সাংবাদিক সংগঠনগুলি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকাশ্যে চলা অবৈধ জুয়ার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জোরালো হয়েছে।
জুয়ার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত ৩ সাংবাদিক
