চুরাইবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে রেল তেমাথা সংলগ্ন স্বামী বিবেকানন্দ রোডের “সম্রাট জুয়েলার্স” দোকানে দুষ্কৃতীদের হানা। দোকানের উপরের টিন কেটে ভিতরে ঢুকে সোনা, রুপা ও মূল্যবান পাথর মিলিয়ে প্রায় এক কোটি টাকার সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।বুধবার সকালে দোকান খুলতে এসে ম্যানেজার উত্তম কুমার ধর ভেতরের লণ্ডভণ্ড অবস্থা দেখে হতবাক হয়ে যান। খবর ছড়াতেই স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশ এসে তদন্ত শুরু করে।স্থানীয়দের অভিযোগ, একই কায়দায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ঘটনার সুরাহা হয়নি। ফলে পুলিশের ভূমিকা ও রাতের টহলদারি নিয়ে প্রশ্ন উঠছে।এদিকে দোকানের মালিক সুমত দে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারণ, চুরি যাওয়া অধিকাংশ গয়নাই ছিল সাধারণ মানুষের আমানত। এখন সেই ক্ষতি কীভাবে পূরণ হবে, তা নিয়েই গভীর অনিশ্চয়তা।
টিন কেটে কোটি টাকার লুট
