Headlines

এক মাসের অন্ধকারে ক্ষোভের বিস্ফোরণ!বিদ্যুতের দাবিতে রাস্তায় নামলেন গ্রামবাসীরা

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটানোর পর অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন আমবাসার ঈশানচন্দ্র পাড়ার বাসিন্দারা। শনিবার সকালে বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের দাবিতে তাঁরা আমবাসা-গণ্ডাছড়া সড়কের আড়াই মাইল এলাকায় পথ অবরোধে সামিল হন। এর জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমনকি আমবাসার সাপ্তাহিক হাটের কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পরে বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন।
দপ্তরের পক্ষ থেকে দ্রুত নতুন ট্রান্সফর্মার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে এলাকাবাসীর বক্তব্য, শুধু আশ্বাস নয়, এবার দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চান তাঁরা। এখন সকলের নজর বিদ্যুৎ দপ্তরের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ পায় তার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *