আগরতলার অফিস লেন এলাকায় অবস্থিত ‘প্রিয় ভোজ’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সুমন দেবনাথ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে শাসকদলের ঘনিষ্ঠ নেতা বলে পরিচয় দেন, গত ১৮ মে সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ কয়েকজন সঙ্গীকে নিয়ে রেস্তোরাঁয় যান এবং সেখানে বসে মদ্যপানের অনুমতি চান। রেস্তোরাঁর মালিক তা অস্বীকার করতেই উত্তেজনা ছড়ায়।অভিযোগ অনুযায়ী, এরপর সুমন দেবনাথ ও তার সঙ্গীরা রেস্তোরাঁয় ভাঙচুর চালায় এবং মালিকের স্ত্রীর উপর হামলা করে। শুধু তাই নয়, রেস্তোরাঁর উপরে থাকা একটি অফিসেও ভাঙচুর চালানো হয় এবং অফিসকর্মীদের উপরও আক্রমণের অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করলেও, অভিযোগ উঠেছে ওই রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।সবচেয়ে গুরুতর অভিযোগ, রেস্তোরাঁর মালিক থানায় FIR জমা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেস্তোরাঁ মালিক সাংবাদিক ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মদ্যপানে বাধা, তারপরই তাণ্ডব! আগরতলায় রেস্তোরাঁয় হামলা
