পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার, আইএএস আজ জেলার সব মহকুমা শাসক (SDM) এবং পেট্রোলিয়াম, অয়েল ও লুব্রিকেন্ট (POL) পণ্য ডিলারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় পেট্রোল, ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের বর্তমান মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ডিলাররা জেলাশাসককে জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সাধারণ মানুষের জন্য সরবরাহ স্বাভাবিক রয়েছে।জেলাশাসক স্পষ্টভাবে জানান, জেলায় জ্বালানির কোনো ঘাটতি নেই। তাই সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে জ্বালানির সমান ও স্বাভাবিক বণ্টন নিশ্চিত করা হয়, কোনোভাবেই অতিরিক্ত মজুত বা পাইকারি সরবরাহ না করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে জেলার সর্বত্র পেট্রোল ও ডিজেলের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে এবং সাধারণ মানুষ কোনো সমস্যার সম্মুখীন না হন।
গুজবে কান নয়, জ্বালানির পর্যাপ্ত মজুত! — আশ্বস্ত করলেন জেলাশাসক
