সাংবাদিক নন্দন চক্রবর্তীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সাংবাদিক মহলে। বুধবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় জাতীয় সড়কের পাশে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী এবং তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।জানা যায়, আগরতলার রামনগরের বাসিন্দা নন্দন চক্রবর্তী ‘স্যন্দন’ পত্রিকার একজন কর্মরত সাংবাদিক ছিলেন। অনুমান করা হচ্ছে, আগরতলা থেকে বিলোনিয়া যাওয়ার পথে TR-01 AK 8236 নম্বরের স্কুটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।দুর্ঘটনার পর মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি উদ্ধার করে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও এক সন্তান। তার অকাল প্রয়াণে পরিবারসহ সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও শূন্যতা।
