Headlines

হাসপাতালের সামনে থেকে চুরি, পুলিশের তাড়া খেয়ে জঙ্গলে ফেলে পালাল চোর; উদ্ধার অটোরিকশা

বিশ্রামগঞ্জ: মাত্র ১০ মিনিটের অসতর্কতার সুযোগ। আর সেই সময়েই হাসপাতালের সামনে থেকে উধাও হয়ে যায় একটি অটোরিকশা। তবে শেষ পর্যন্ত বিশ্রামগঞ্জ থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া অটোটি উদ্ধার হলেও পালিয়ে যায় চোরের দল।শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি রাবার বাগান থেকে TR-01M-3805 নম্বরের অটোরিকশাটি উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, চোরেরা অটোরিকশাটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় পুলিশের টহলদারি দলের নজরে পড়ে যায় ঘটনাটি। পুলিশকে দেখে চোরেরা অটোরিকশা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে তারা পালাতে সক্ষম হয়।জানা গেছে, উদ্ধার হওয়া অটোরিকশাটির মালিক শক্তি দেববর্মা, বাড়ি জিরানিয়া বীরেন্দ্রনগর এলাকায়। তিনি জানান, খুমুলুঙ খেরেংবার হাসপাতালের সামনে অটোরিকশাটি রেখে ভাতিজার স্ত্রীর জন্য খাবার নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। মাত্র ১০ মিনিট পর ফিরে এসে দেখেন অটোরিকশাটি আর নেই। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়।রবিবার সকালে অটোরিকশা উদ্ধারের খবর পেয়ে শক্তি দেববর্মা পরিবারের সদস্যদের নিয়ে বিশ্রামগঞ্জ থানায় পৌঁছান এবং নিজের গাড়িটি শনাক্ত করেন। নিজের হারিয়ে যাওয়া জীবিকার সম্বল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। এলাকায় টহলদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *