Headlines

ভাঙা ছাদ, টপটপ করে পড়ছে বৃষ্টির জল—দুরবস্থায় মান্দাইয়ের ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি. স্কুল

জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অন্তর্গত মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি. স্কুলের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ অবস্থায় থাকলেও এখনও পর্যন্ত স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ।বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিদ্যালয়ের ছাদ দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক সময় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে স্টাফরুমে আশ্রয় নিয়ে ক্লাস করতে হচ্ছে। এতে যেমন পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট ইনস্পেক্টর অব স্কুলস (আইএস) এবং শিক্ষা দপ্তরের নজরে আনা হয়েছে। অভিযোগ, বিভিন্ন সময়ে পরিদর্শন ও মাপজোক হলেও আজ পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে বছরের পর বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু পরিমাপ বা পরিদর্শন নয়, অবিলম্বে বিদ্যালয়ের ভবন সংস্কারের কাজ শুরু করতে হবে। পাশাপাশি তাঁরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য সি. কে. জমাতিয়ার কাছে বিদ্যালয়টি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।তবে এই অভিযোগগুলোর বিষয়ে শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের আশা, নতুন করে আর শুধু আশ্বাস নয়, এবার বাস্তবেই শুরু হবে সংস্কারের কাজ এবং নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে কোমলমতি শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *