স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষার বেসরকারিকরণ বন্ধসহ পাঁচ দফা দাবিতে কৈলাসহরে সরব হলো ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। মঙ্গলবার সংগঠনের কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মহকুমা শাসক শান্তিময় দেববর্মার কাছে ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন শেষে শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করেন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সাগর ভট্টাচার্য, সাহাব উদ্দিন, সাগরদ্বীপ মালাকার, অঙ্কিতা মালাকারসহ অন্যান্যরা।ছাত্র নেতৃত্বের দাবি, রাজ্যের স্কুলগুলিতে দ্রুত স্থায়ী শিক্ষক নিয়োগ করে শূন্যপদ পূরণ করতে হবে। একইসঙ্গে শিক্ষার বেসরকারিকরণ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।এছাড়াও ইরানি থানার হীরাছড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবেদার হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।লাগামহীন লোডশেডিংয়ের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে অভিযোগ করে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানায় SFI। ছাত্র নেতা সাগর ভট্টাচার্য হুঁশিয়ারি দেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না হলে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পাঁচ দফা দাবিতে কৈলাসহরে SFI-এর ডেপুটেশন ও বিক্ষোভ
