Headlines

পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, এখনও মেলেনি পাঠ্যবই! উদ্বেগে চড়িলামের নবম শ্রেণির পড়ুয়ারা

আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে পরীক্ষা। কিন্তু প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এখনও হাতে পৌঁছায়নি পাঠ্যবই। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যা জ্যোতি বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রছাত্রীরা।পড়ুয়াদের অভিযোগ, আগামী ১৩ জুলাই থেকে CBSE Periodic Assessment–1 (PA-1) পরীক্ষা শুরু হলেও এখনও পর্যন্ত NCERT-এর সামাজিক বিজ্ঞান (SST) বিষয়ের পাঠ্যবই বিদ্যালয়ে এসে পৌঁছায়নি। ফলে সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না তারা। পরীক্ষা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্বেগ।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ মণিময় ভৌমিক জানান, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বই না থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং তাদের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়ছে। তিনি দ্রুত সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।অন্যদিকে, নবম শ্রেণির পড়ুয়ারাও NCERT-এর কাছে দ্রুত এসএসটি বই সরবরাহের আবেদন জানিয়েছে। তাদের বক্তব্য, পাঠ্যবই ছাড়া পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করা কার্যত অসম্ভব। তাই ভবিষ্যতের কথা ভেবে অবিলম্বে বই পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে তারা।অভিভাবকদেরও আশঙ্কা, সময়মতো বই না পৌঁছালে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার ফলাফলের ওপর। তাই দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে বিদ্যালয় ও অভিভাবক মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *