দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে অতিষ্ঠ উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাখাইবাড়ি এলাকার বাসিন্দারা। অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন তাঁরা। সোমবার ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ধর্মনগর–সাখাইবাড়ি সড়কে ‘রাস্ত রোকো’ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট চলছে। প্রতিদিনের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তাঁদের অভিযোগ।সড়ক অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। যাত্রী ও সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হলেও আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিনের সমস্যার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।পরে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এরপর অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।তবে এলাকাবাসীর স্পষ্ট বার্তা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। তাঁদের মতে, নিরাপদ পানীয় জল কোনও বিলাসিতা নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সড়কে মানুষ, ধর্মনগর–সাখাইবাড়ি রাস্তায় অবরোধ
