আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৯ মার্চ ২০২৬) আগরতলার উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে মাতঙ্গিনী-প্রীতিলতা সভাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা শর্বরী নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর।
অনুষ্ঠানে নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড. রত্নাবলী রায় সেনগুপ্ত। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম শক্তি। একইসঙ্গে পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ড. নিবেদিতা ধর।
কলেজের অধ্যক্ষা শর্বরী নাথ তার বক্তব্যে বলেন, নারীরা স্বনির্ভর হয়ে উঠলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব। শিক্ষিত ও সচেতন নারীরাই একটি শক্তিশালী সমাজ গঠনের মূল ভিত্তি।
এদিন অনুষ্ঠানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত থেকে নারী দিবস উদযাপনকে সফল করে তোলেন। পুরো অনুষ্ঠানটির সুষ্ঠু পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।
“নারীর শক্তি, সমাজের প্রেরণা”
