দক্ষিণ চড়িলাম পঞ্চায়েতের কড়ইমুড়া এলাকায় রাস্তা নির্মাণের কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা রাস্তার কারণে প্রতিদিন যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসীর অভিযোগ, ‘কাটমানি’র চাপের কারণেই সংশ্লিষ্ট ঠিকাদার কাজ মাঝপথে ছেড়ে চলে গেছেন। তাঁদের দাবি, এই ঘটনার জেরেই রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে এবং এখনও পর্যন্ত কাজ পুনরায় শুরু করার কোনও উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের মতে, বর্ষাকালে কাঁচা ও ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্কুলপড়ুয়া, রোগী এবং নিত্যযাত্রীদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত কাজ পুনরায় শুরু করে রাস্তা সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তাঁরা।তবে ‘কাটমানি’ সংক্রান্ত এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘কাটমানি’র অভিযোগে থমকে রাস্তার কাজ, ঠিকাদার কাজ ছেড়ে চলে গেছেন বলে দাবি এলাকাবাসীর
