Headlines

SIR থেকে পরিবেশ—সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী

SIR বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন কোনও বিভ্রান্তি তৈরি না হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আরও স্পষ্ট ভূমিকা নেওয়ার দাবি জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।তাঁর বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে SIR-এর কাজ শেষ করা হলেও প্রকৃত কোনও ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। বিশেষ করে ভোটারদের অধিকার সুরক্ষিত রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন বলে জানান তিনি।জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, অতীতে বিভিন্ন নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় হয়েছে। অথচ বাতিল ভোটের সংখ্যা কখনও কখনও সেই ব্যবধানের তুলনায় অনেক বেশি ছিল। তাই SIR-এর পুরো প্রক্রিয়ার উপর তাঁরা তীক্ষ্ণ নজর রাখছেন বলে জানান তিনি।তাঁর কথায়, নির্বাচন কমিশন তার নিজস্ব নিয়ম অনুযায়ী কাজ করবে এবং আদালতের পক্ষ থেকেও এই প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়নি। তবে ভোটারদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।অন্যদিকে, বালু বাইতাল ফরেস্ট দফতরের অধীনে থাকা নদী-ছড়া ও পরিবেশ সংক্রান্ত কিছু দায়িত্ব শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন জিতেন্দ্র চৌধুরী।বিরোধীদের বক্তব্য, নদীর নাব্যতা বৃদ্ধি, ভাঙন রোধ, পাহাড় ধস মোকাবিলা এবং পরিবেশ রক্ষার মতো বিষয়গুলির সঙ্গে বন ও পরিবেশ দফতরের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরিকাঠামো রয়েছে। সেই দায়িত্ব শিল্প দফতরের হাতে তুলে দিলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।অবৈধভাবে নদী ও ছড়া থেকে মাটি-বালি তোলার অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। শিল্পায়নের নামে যাতে নদী, পাহাড় ও বন ধ্বংস না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বিরোধীরা।জিতেন্দ্র চৌধুরীর দাবি, উন্নয়ন প্রয়োজন, শিল্পও প্রয়োজন—কিন্তু তার জন্য ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশকে বলি দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই নদী ও পরিবেশ সংক্রান্ত দায়িত্ব পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *