১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের উত্তপ্ত ত্রিপুরার রাজপথ। শুক্রবার ভোর থেকেই বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির কর্মী-সমর্থকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুরু হওয়া এই অবরোধকে ঘিরে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।দাবি আদায়ের চাপ বাড়াতে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। মুহূর্তের মধ্যেই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে সারি সারি যানবাহন দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন দূরপাল্লার যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।অবরোধের জেরে শুধু সড়কপথই নয়, অন্যান্য যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, রেলপথে বিঘুদাস এবং সড়কপথে খোয়াই চৌমুহনী এলাকাতেও অবরোধ কর্মসূচি চলছে।পরিস্থিতি সামাল দিতে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।আন্দোলনকারীদের দাবি, ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। ফলে আগামী ৭২ ঘণ্টায় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথ কতটা স্বাভাবিক রাখা সম্ভব হবে, তা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ।
টায়ার জ্বালিয়ে ৭২ ঘণ্টার অবরোধ, ফের থমকে গেল আসাম–আগরতলা জাতীয় সড়ক
