আগরতলা, ৩০ জুন: সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) ঘিরে বিতর্ক, অনিয়মের অভিযোগ এবং পরীক্ষার চাপের মধ্যে প্রাণ হারানো ছাত্র-ছাত্রীদের স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করে এসএফআই রামনগর লোকাল কমিটি।পুলিশ হেডকোয়ার্টারের বিপরীতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা হাতে মোমবাতি নিয়ে নীরবে প্রয়াত পড়ুয়াদের প্রতি শ্রদ্ধা জানান। অনেকের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ডও। কর্মসূচিজুড়ে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং ন্যায্য মূল্যায়নের দাবিতে সরব হন অংশগ্রহণকারীরা।আয়োজকদের বক্তব্য, দেশের বহু শিক্ষার্থী কঠিন প্রতিযোগিতা, অনিশ্চয়তা এবং বিভিন্ন বিতর্কের কারণে চরম মানসিক চাপে ভুগছেন। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এমন একটি শিক্ষা ও প্রবেশিকা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ, স্বচ্ছ ও বৈষম্যহীন পরিবেশে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।কর্মসূচিতে উপস্থিত ছাত্রনেতারা বলেন, এই শ্রদ্ধাঞ্জলি শুধু প্রয়াত শিক্ষার্থীদের স্মরণ নয়, বরং ভবিষ্যতে আর কোনো পড়ুয়াকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই বার্তাও বহন করছে। একই সঙ্গে পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
NEET বিতর্কে প্রাণ হারানো পড়ুয়াদের স্মরণে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, SFI-এর শ্রদ্ধাঞ্জলি
