আগরতলা: উৎসবের আনন্দ যেন শব্দদূষণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই লক্ষ্মীপুজোর আগে তৎপর হল সদর মহকুমা প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। যৌথ অভিযানে শহরের বিভিন্ন বাজার থেকে প্রায় ৫০ কেজি শব্দবাজি উদ্ধার করা হয়েছে।সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ দেবের নেতৃত্বে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এই অভিযান চালান। এমবি টিলা বাজার, বেলতলী বাজার, এডি নগর বাজার, বটতলা বাজার ও মহারাজগঞ্জ বাজারসহ শহরের একাধিক বাজারে তল্লাশি চালানো হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দবাজির ব্যবহার নিয়ে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। সেই নিয়ম মেনে চলা নিশ্চিত করতে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে। উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
শব্দদূষণ রুখতে আগরতলায় অভিযান, উদ্ধার ৫০ কেজি শব্দবাজি
