Headlines

কুমারঘাটে রাস্তার ধারে যুবকের রহস্যজনক মৃত্যু, দেহের পাশে সিরিঞ্জ উদ্ধার ঘিরে ধোঁয়াশা

কুমারঘাট, ৩০ জুন: ঊনকোটি জেলার কুমারঘাটে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কুমারঘাট ফিশারি অফিস সংলগ্ন রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।মৃতের পরিচয় সুমন দাস (২৪)। তিনি ফটিকরায় থানার রাজনগর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল দাস-এর ছেলে।স্থানীয়দের নজরে প্রথমে অচেতন অবস্থায় পড়ে থাকা যুবকটি আসেন। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহের পাশে একটি ইনজেকশনের সিরিঞ্জ এবং শরীরে কিছু সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সঙ্গে এগুলোর কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।মৃতের বাবা সজল দাস জানান, সোমবার সন্ধ্যা থেকে সুমন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মঙ্গলবার জানতে পারেন, কুমারঘাট হাসপাতালে তাঁর ছেলের মৃতদেহ রয়েছে।তিনি আরও দাবি করেন, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাও নিয়েছিলেন। সম্প্রতি তিনি আবারও নেশার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে পরিবারের সন্দেহ।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তাই এই মুহূর্তে মৃত্যুর কারণ নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *