ধর্মনগর, ১৪ জুলাই: উত্তর ত্রিপুরার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)-এর উত্তর ত্রিপুরা জেলা কমিটি। মঙ্গলবার ধর্মনগরে জমা দেওয়া এই স্মারকলিপিতে আবাস যোজনা, সড়ক পরিকাঠামো এবং জেলা হাসপাতালের পরিষেবা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।দলের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর উপভোক্তা তালিকা প্রণয়নে অনিয়ম হয়েছে। প্রকৃত গৃহহীন ও যোগ্য পরিবারগুলির পরিবর্তে অনেক অযোগ্য ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করে সিপিআই(এম)। তারা তালিকার নিরপেক্ষ তদন্ত ও পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছে।স্মারকলিপিতে ধর্মনগর-কদমতলা, জুর কালভার্ট-লালছড়া, ধর্মনগর-হাফলং এবং কদমতলা-রাণীবাড়ি-সহ পানিসাগর মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করা হয়। দ্রুত সংস্কার এবং নির্মাণকাজে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।এছাড়াও উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দল। স্মারকলিপিতে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অকেজো আইসিইউ, ডায়ালিসিস ইউনিটের সমস্যা, জেনারেটরের অচলাবস্থা এবং ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতির বিষয়গুলি তুলে ধরা হয়েছে।দলের পক্ষে অভিজিৎ দে বলেন, “এই দাবিগুলি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সাধারণ মানুষের স্বার্থেই উত্থাপন করা হয়েছে। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেই আমরা আশা করছি।”
আবাস, রাস্তা থেকে হাসপাতাল—একগুচ্ছ জনসমস্যা নিয়ে জেলা শাসকের দ্বারস্থ সিপিআই(এম)
