Headlines

লাল হয়ে ঝরছে রাবার গাছের পাতা, দুশ্চিন্তায় বামুটিয়ার চাষিরা; ক্ষতিগ্রস্ত বাগান ঘুরে দেখলেন বিধায়ক নয়ন সরকার

বামুটিয়া, ১৫ জুলাই: যে রাবার বাগান একসময় ছিল পরিবারের আয়ের ভরসা, আজ সেই বাগানই যেন চাষিদের চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। পশ্চিম ত্রিপুরার বামুটিয়া বিধানসভার উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকায় অজানা এক রোগের প্রভাবে রাবার গাছের পাতা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। এরপর একে একে গাছগুলোও মারা পড়ছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এলাকার রাবার চাষিরা।চাষিদের অভিযোগ, কয়েকদিন ধরে বাগানের গাছগুলোর পাতার রং বদলে যাচ্ছে। প্রথমে লালচে হয়ে পড়ছে পাতা, পরে গাছ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। রোগের প্রকৃত কারণ না জানায় আতঙ্ক আরও বাড়ছে। কারণ, এই রাবার বাগানই বহু পরিবারের একমাত্র উপার্জনের উৎস।সমস্যার কথা জানতে পেরে এলাকার বিধায়ক নয়ন সরকার ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শনে যান। তিনি চাষিদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তাঁদের উদ্বেগের কথা শোনেন।পরিদর্শনের পর বিধায়ক জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি দ্রুত কৃষি দপ্তর ও রাবার বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন, যাতে বিশেষজ্ঞদের মাধ্যমে রোগের কারণ নির্ণয় করে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া যায়।চাষিদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নেওয়া হলে আরও অনেক গাছ নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা। তাই তাঁদের একটাই আবেদন—দ্রুত বিশেষজ্ঞদের পাঠিয়ে রোগের কারণ চিহ্নিত করা হোক এবং রাবার বাগান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *