আগরতলা, ১২ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে রানীরবাজার ফায়ার স্টেশনের সামনে একটি বিলাসবহুল গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন সরকারি কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে।ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, বহিরাজ্য থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি চালানো হচ্ছিল। রবিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতেই উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট।অভিযানে আটক দুই ব্যক্তি হলেন প্রশান্ত পাল (৩২), বাড়ি রানীরবাজার থানার দুর্গানগর এলাকায় এবং দিলীপ ত্রিপুরা (৪৭), বাড়ি ধুমাছড়া। পুলিশ সূত্রে জানা গেছে, প্রশান্ত পাল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একজন কর্মচারী।এই অভিযানের নেতৃত্ব দেন ক্রাইম ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর রাজীব চৌধুরী। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ক্রাইম ব্রাঞ্চের এই অভিযানে আবারও স্পষ্ট হয়েছে যে, রাজ্যে মাদক পাচার রুখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তদন্তকারীদের আশা, এই ঘটনার সূত্র ধরে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
ক্রাইম ব্রাঞ্চের জালে ১০ হাজার ইয়াবা, সরকারি কর্মচারীসহ দুইজন আটক
