Headlines

বামুটিয়ায় রথযাত্রার প্রস্তুতি সম্পূর্ণ, ৯ দিনব্যাপী গুণ্ডিচা উৎসবে ভক্তদের আমন্ত্রণ

আগরতলা, ১২ জুলাই: রথযাত্রা মানেই ভক্তি, ঐতিহ্য আর মিলনমেলার এক অনন্য উৎসব। সেই আবহেই আগামী ১৬ জুলাই বামুটিয়া বিধানসভার রাঙ্গুটিয়া এলাকায় গৌর নিতাই সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে রথযাত্রা ২০২৬। এই উপলক্ষে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন সংঘের সদস্যরা।জানানো হয়, ১৬ জুলাই শ্রীশ্রী জগন্নাথ দেব রথে চড়ে নিজ মন্দির থেকে গুণ্ডিচা মন্দির বা মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করবেন। সেখানে টানা ৯ দিন অবস্থান করবেন। আগামী ২৪ জুলাই পর্যন্ত কালীবাজার গুণ্ডিচা মন্দির প্রাঙ্গণে প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, ভজন, প্রসাদ বিতরণ এবং ভক্তদের অংশগ্রহণে নানা আয়োজন অনুষ্ঠিত হবে।গৌর নিতাই সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের মতো এবারও ধর্মীয় মর্যাদা ও ঐতিহ্য বজায় রেখে রথযাত্রা আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব-সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।উৎসবে হাজার হাজার ভক্তের সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংঘের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।আয়োজকদের আশা, ভক্তদের আন্তরিক অংশগ্রহণে এবারের রথযাত্রাও বামুটিয়ায় ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দের এক স্মরণীয় উৎসবে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *