একটি ছোট্ট হাসি, দুটি নিষ্পাপ চোখ আর বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা— এই স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতেই আজ মানবতার এক অনন্য নজির গড়ছে ধর্মনগর। বিরল ও জটিল রোগে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৮ কোটি টাকা। একটি সাধারণ পরিবারের কাছে যা প্রায় অসম্ভব, সেই অসম্ভবকেই সম্ভব করার লক্ষ্যে এগিয়ে এসেছে শহরের অসংখ্য তরুণ-তরুণী।ধর্মনগরের বিভিন্ন এলাকায় হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সাহায্যের আবেদন নিয়ে রাস্তায় নেমেছেন যুবসমাজ। পথচলতি মানুষের কাছে তাঁরা শুধু অর্থ নয়, আবেদন জানাচ্ছেন একটি শিশুর জীবন বাঁচানোর জন্য। অনেকেই নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, কেউ আবার অন্যদেরও এই মানবিক উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন।উদ্যোক্তাদের বক্তব্য, “একজনের পক্ষে ১৮ কোটি টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে। কিন্তু হাজার-লক্ষ মানুষের সামান্য সামান্য সহযোগিতা একত্রিত হলে একটি শিশুর জীবন বাঁচানো সম্ভব। মানবতার শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা।”এই উদ্যোগ শুধু তহবিল সংগ্রহের কর্মসূচি নয়, এটি সমাজের সম্মিলিত দায়বদ্ধতার প্রতীক। যেখানে ধর্ম, জাতি কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। ছোট্ট মানশ্রীর জন্য আজ ধর্মনগরের প্রতিটি হৃদয় একই প্রার্থনায় একত্রিত— সে যেন সুস্থ হয়ে আবার হাসিমুখে খেলাধুলা করতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।আসুন, মানবতার এই যাত্রায় আমরা প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই। কারণ একটি ছোট্ট সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি শিশুর পুরো জীবন।
১৮ কোটির লড়াইয়ে এক হলো ধর্মনগর! ছোট্ট মানশ্রীর মুখের হাসি ফেরাতে মানবতার হাত বাড়াল যুবসমাজ
