ফটিকছড়া, ৭ জুলাই: প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আবারও মানবিক উদ্যোগ নিল অসম রাইফেলস। ঊনকোটি জেলার ফটিকছড়া এডিসি ভিলেজের ডি.এম. কলোনিতে রাধানগর ব্যাটালিয়ন, কুমারঘাট প্রেস ক্লাব এবং ঊনকোটি জেলা হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হল একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবির।এই শিবিরে মোট ৪৬৪ জন গ্রামবাসী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন ১৬৪ জন পুরুষ, ২১২ জন মহিলা এবং ৮৮ জন শিশু। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল উপস্থিত থেকে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেন। পাশাপাশি ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় মশারি।অনেক প্রবীণ, নারী ও শিশুর জন্য এই শিবির ছিল বিশেষ আশীর্বাদস্বরূপ। কারণ দূরবর্তী অঞ্চলে বসবাসের ফলে নিয়মিত চিকিৎসা পরিষেবা পাওয়া তাঁদের পক্ষে সহজ নয়। গ্রামেই চিকিৎসার সুযোগ পেয়ে উপকৃত হওয়ার পাশাপাশি সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।অসম রাইফেলস জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করাও তাদের অন্যতম অঙ্গীকার। স্বাস্থ্যসেবা, সচেতনতা এবং মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
দূর গ্রামে মানবিক হাত বাড়াল অসম রাইফেলস, ফটিকছড়ায় ৪৬৪ মানুষের মুখে হাসি
