আগরতলা, ২ জুলাই: রেলপথে মাদক পাচারের বড়সড় একটি চক্রের হদিস মিলল আগরতলায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ৫৫ হাজার ৬২৬ বোতল অবৈধ কোডিন-ভিত্তিক কফ সিরাপ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লক্ষ টাকা।আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, রেলপথে একটি সন্দেহজনক চালানের মাধ্যমে এই নিষিদ্ধ কফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চালানটি আটক করে। পরে বিস্তারিত তল্লাশিতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার হয়।উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য ডিআরআই, আগরতলার হাতে তুলে দেওয়া হয়েছে।আসাম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড রুখতে তারা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয় রেখে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকমুক্ত উত্তর-পূর্ব গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
রেলপথে মাদক পাচারে বড় ধাক্কা! আগরতলা রেলস্টেশনে ১.২৭ কোটি টাকার কোডিন সিরাপ উদ্ধার
