সোনামুড়া, ১ জুলাই: টানা এক সপ্তাহ ধরে পানীয় জল না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ মহেশপুর এলাকার মহিলারা। বুধবার সকালে কলসি হাতে রাস্তায় নেমে সোনামুড়া-বিলোনিয়া সড়কের দক্ষিণ মহেশপুর বাইপাসে অবরোধ গড়ে তোলেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের একটি এলাকায় পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার পর থেকেই জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনের পথ বেছে নেন এলাকার মহিলারা।বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ শুরু হওয়া এই অবরোধের জেরে সোনামুড়া-বিলোনিয়া সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুই পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী যান এবং ছোট-বড় অসংখ্য গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। সাধারণ যাত্রীদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পাইপলাইন মেরামত করে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।সকাল ১০টা পর্যন্ত অবরোধ চললেও, খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ পৌঁছাননি। ফলে এলাকায় উত্তেজনা এবং যানজট আরও বাড়তে থাকে।
এক সপ্তাহ ধরে জল নেই! কলসি হাতে সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধে মহিলাদের ক্ষোভ
