আগরতলা, ১ জুলাই: রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে বিক্ষোভে সামিল হন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা। একপর্যায়ে কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক একাধিক নারী নির্যাতন, খুন এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় রাজ্য মহিলা কমিশন কার্যকর ভূমিকা পালন করেনি। আনন্দনগরে এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগের ঘটনাও তুলে ধরে তারা কমিশনের নীরবতার সমালোচনা করেন।ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী অভিযোগ করেন, মহিলা কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না, বরং শাসকদলের পক্ষে অবস্থান নিচ্ছে। তাঁর দাবি, নারী নির্যাতনের ঘটনায় কমিশনের আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা নেওয়া উচিত।এদিকে, বিক্ষোভ চলাকালীন মহিলা কমিশনের চেয়ারপার্সন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম মহিলা থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।বিক্ষোভকারীরা জানিয়েছেন, চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
মহিলা কমিশনে ঢুকে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা
