গত ২৮ জুন হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই ঘটনায় দুই যুবককে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, মরদেহ উদ্ধারের ঘটনার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই দুই যুবককে আটক করা হয়েছে।ওসি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত কেউ থাকলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাঞ্চল্য বজায় রয়েছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের সমস্ত তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।
হাওড়া নদীতে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় অগ্রগতি, পশ্চিম থানার পুলিশের জালে দুই যুবক
