গোলাঘাটি, ত্রিপুরা:ত্রিপুরার গোলাঘাটি বিধানসভা এলাকার কোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে এক মহিলার উপর নৃশংস নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, জটিল অস্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।অভিযোগ অনুযায়ী, কয়েকদিন আগে এক যুবকের সঙ্গে ওই মহিলার একটি আপত্তিকর ছবি এলাকায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টির মীমাংসা হয়েছে বলে মনে করা হলেও, পরবর্তীতে একদল ব্যক্তি মহিলার বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।পরিবারের সদস্যদের দাবি, নির্যাতনের ফলে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনায় স্থানীয় এক রাজনৈতিক নেতার নাম সামনে এসেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিকে টাকারজলা থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে জম্পুইজলা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্যাতিতার পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গোলাঘাটিতে মহিলার উপর নৃশংস নির্যাতনের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
