উত্তর ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ, প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানকে স্মরণ করে ধর্মনগরে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শোকসভা। সিপিআই(এম)-এর উত্তর জেলা কমিটির উদ্যোগে ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রবীণ ও বর্তমান নেতৃত্বসহ অসংখ্য কর্মী-সমর্থক।শোকসভায় যোগ দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম)-এর উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্রনাথ এবং প্রয়াত নেতার পুত্র বদরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই ফয়জুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, ফয়জুর রহমান শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে তিনি মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর সততা, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগের ক্ষমতা দলের কর্মীদের কাছে আজও অনুকরণীয়।অন্যান্য বক্তারাও প্রয়াত নেতার কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ এবং মানুষের প্রতি তাঁর নিবেদনের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ফয়জুর রহমানের মতো নেতার অভাব রাজ্যের রাজনৈতিক ও সামাজিক জীবনে দীর্ঘদিন অনুভূত হবে।এদিন উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় কর্মী-সমর্থকরা শোকসভায় উপস্থিত হয়ে তাঁদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিচারণ, শ্রদ্ধা এবং আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানে বারবার ফিরে আসে ফয়জুর রহমানের সংগ্রামী ও জনমুখী জীবনের নানা অধ্যায়। তাঁর আদর্শ ও কর্মধারা আগামী দিনেও মানুষের জন্য কাজ করার প্রেরণা হয়ে থাকবে বলেই মত প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে আবেগঘন শোকসভা, শ্রদ্ধা জানালেন মানিক সরকার
