Headlines

ধজ্জ্বনগরে নতুন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান, উদ্বোধনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুরের ধজ্জ্বনগরে শিক্ষার পরিসরে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। নার্সিং শিক্ষার প্রসার এবং আগামী দিনের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন।রবিবার দুপুরে ধজ্জ্বনগরে প্রতিষ্ঠানের কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা, সমীর চক্রবর্তী, টেপানিয়া আরডি ব্লকের বিডিও অর্জুন চন্দ্র দেবনাথ, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না রানী দাসসহ অন্যান্য অতিথিরা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, গোমতী জেলার উদয়পুর মহকুমায় স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার পরিকাঠামোর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও একের পর এক নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এর ফলে এলাকার ছেলেমেয়েদের সামনে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।প্রণজিৎ সিংহ রায় বলেন, স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে শুধু পরিকাঠামো নয়, প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদও। সেই দিক থেকে নার্সিং শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদয়পুরে নতুন এই প্রতিষ্ঠান চালু হওয়াকে তিনি এলাকার শিক্ষাক্ষেত্রের অগ্রগতির একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে তুলে ধরেন।তিনি আরও জানান, স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো—সব ক্ষেত্রেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানের শেষে ফিতা কেটে কলেজের বিভিন্ন অংশ ও পরিকাঠামো ঘুরে দেখেন অর্থমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা। নতুন প্রতিষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ। ধজ্জ্বনগরের বুকে নার্সিং শিক্ষার এই নতুন উদ্যোগ আগামী দিনে এলাকার বহু শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথ খুলে দেবে—এমনই প্রত্যাশা অনুষ্ঠানে উপস্থিতদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *