দরজায় কড়া নাড়ছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে ঊনকোটি জেলাতেও অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আর ভোটের আগের দিনই নিরাপত্তা ও প্রস্তুতির শেষ মুহূর্তের তৎপরতায় ব্যস্ত প্রশাসন।রবিবার সকাল থেকেই ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের চিনিবাগান হাই স্কুলের স্ট্রং রুম থেকে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে তাঁদের যাত্রাপথ এবং ভোটকেন্দ্রগুলিতেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক রুঘুল এ (আইপিএস) জানান, কৈলাসহর মহকুমায় মোট সাতটি ভিলেজ কাউন্সিলের অধীনে রয়েছে ২২টি পোলিং স্টেশন। প্রতিটি ভোটকেন্দ্রেই নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গোটা মহকুমাজুড়েই জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি।তিনি জানান, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত কয়েকটি ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা সামনে এলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতির উপর প্রশাসন ও পুলিশ নিয়মিত নজর রাখছে।ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই ভোটের আগের দিন থেকে মাঠে সক্রিয় প্রশাসন ও নিরাপত্তাবাহিনী।
ভিলেজ কাউন্সিল ভোট কাল, ঊনকোটিতে নিরাপত্তার কড়া বলয়
