আগরতলার ভগৎ সিং যুব আবাসে ধনুক-বাণ হাতে নিজেদের স্বপ্নকে আরও একটু কাছে টানার সুযোগ পেল খুদে খেলোয়াড়রা। ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্পে শিশু ও তরুণ খেলোয়াড়দের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।শুধু আর্চারির প্রাথমিক কৌশল শেখানো নয়, আগামী দিনে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য তৈরি করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর লতানাথ, ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ, স্পোর্টস ডিরেক্টর এম মগ, পদ্মশ্রী তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট দীপা কর্মকার, পুর নিগমের নর্থ জোনের চেয়ারপার্সন প্রদীপ চন্দ্র-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।খুদে খেলোয়াড়দের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা কর্মকার। শিশুদের খেলাধুলার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে অনেক শিশু মোবাইল ফোনের জগতে বেশি সময় কাটাচ্ছে। অথচ খেলাধুলা শুধু বিনোদন নয়, ভবিষ্যতে পেশার সুযোগ তৈরি করার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অভিভাবকদের উদ্দেশে দীপা কর্মকারের বার্তা, সন্তানদের ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের বিভিন্ন ধরনের খেলাধুলা ও স্পোর্টস অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে।অন্যদিকে, ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ জানান, ছোটদের আর্চারির প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতে এই খুদে খেলোয়াড়দের মধ্য থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ত্রিপুরার প্রতিনিধিত্বকারী খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদী আয়োজকরা।সাত দিনের এই প্রশিক্ষণ শিবির তাই শুধু ধনুক-বাণের অনুশীলন নয়, বরং ত্রিপুরার নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভাকে স্বপ্ন দেখানোরও এক প্রয়াস।
ধনুক-বাণ হাতে স্বপ্নের উড়ান, ছোটদের উৎসাহ দিতে আর্চারি ক্যাম্পে দীপা কর্মকার
