Headlines

এক বছর ধরে ছেলের অপেক্ষায় মা, কেরালা থেকে আর ফেরেনি কমলপুরের যুবক

এক বছর পেরিয়ে গেলেও কেরালায় কাজে যাওয়া ছেলের কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটছে কমলপুরের এক অসহায় মায়ের। প্রতিদিনই যেন একই অপেক্ষা—হয়তো কোনও এক মুহূর্তে ফোন আসবে, কিংবা দরজায় দাঁড়াবে ছেলে। কিন্তু সেই অপেক্ষার আজও শেষ হয়নি।পরিবারের দাবি, কাজের সন্ধানে কেরালার একটি প্লাইউড কোম্পানিতে গিয়েছিলেন ওই যুবক। সেখানে যাওয়ার পর কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও পরবর্তীতে আচমকাই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ এক বছর ধরে ছেলের কোনও সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের উদ্বেগ ক্রমেই বাড়ছে।ছেলের সন্ধানে পরিবারের পক্ষ থেকে কমলপুর থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন তাঁর মা।এদিন কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ছেলের ছবি ও স্মৃতি আঁকড়ে ধরে নিজের অসহায়তার কথা তুলে ধরেন তিনি। তাঁর একটাই আবেদন—যেভাবেই হোক তাঁর ছেলেকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।একজন মায়ের কাছে এক বছর মানে শুধু ১২টি মাস নয়, প্রতিটি দিনই অপেক্ষা আর উৎকণ্ঠার। তাই ছেলের সন্ধান পেতে প্রশাসন ও পুলিশের দ্রুত উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছে পরিবারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *