তেলিয়ামুড়া মহকুমার বনাঞ্চল সংলগ্ন এলাকায় ফের বন্য দাঁতাল হাতির তাণ্ডব। শনিবার চাকমাঘাট বনাঞ্চলের অন্তর্গত চামপ্লাই এলাকায় গরু চরাতে গিয়ে দাঁতাল হাতির দলের মুখোমুখি হয়ে গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাস (৬০)। জানা যায়, দুপুরে জঙ্গলে গরু চরানোর সময় আচমকাই হাতির দল তাঁর দিকে তেড়ে আসে। প্রাণ বাঁচাতে পাশের একটি খাঁদে ঝাঁপ দিলে তিনি গুরুতরভাবে আহত হন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর এলাকাবাসীরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। উল্লেখযোগ্যভাবে, তেলিয়ামুড়া ও সংলগ্ন বনাঞ্চলে বারবার হাতির লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটছে। ফসলের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির অভিযোগ থাকলেও স্থায়ী সমাধানে বনদপ্তরের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী।
বনাঞ্চল ঘেঁষা গ্রামে হাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ
