Headlines

থানার ঢিলছোড়া দূরত্বে অটো চুরি, অসুস্থ মায়ের একমাত্র ভরসা হারিয়ে ভেঙে পড়লেন রাকেশ

বিশ্রামগঞ্জ: রবিবার ভোররাতে বিশ্রামগঞ্জ থানার অদূরে ঘটে গেল এক হৃদয়বিদারক চুরির ঘটনা। থানা থেকে কয়েক হাত দূরে নিজের বাড়ির বারান্দায় রাখা TR-07A-2101 নম্বরের সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এক মুহূর্তে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অটোচালক রাকেশ আচার্য।রাকেশের জীবন সংগ্রামের গল্প আরও বেদনাদায়ক। চুরি হওয়া অটোরিকশাটি তাঁর নিজের ছিল না। বিশ্রামগঞ্জের বড়জলা এলাকার ইন্দ্রজিৎ সরকারের কাছ থেকে মাসে ৭ হাজার টাকা ভাড়ায় গাড়িটি নিয়ে চালাতেন তিনি। প্রতিদিনের উপার্জনেই চলত সংসার, আর সেই অর্থেই চিকিৎসা ও সেবাযত্ন করতেন তাঁর শয্যাশায়ী মা পুষ্পরাণী আচার্যের। কয়েকদিন আগে দুর্ঘটনায় হাত-পা ভেঙে যাওয়ার পর থেকেই মা বিছানায় পড়ে আছেন।অটো হারানোর পর কান্নায় ভেঙে পড়েন রাকেশ। তাঁর একটাই প্রশ্ন—এখন কীভাবে চলবে সংসার, কীভাবে হবে মায়ের চিকিৎসা?ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ অটো সংগঠনের সভাপতি নিতাই পাল ও সম্পাদক মোঃ শাহ আলম রাকেশের বাড়িতে পৌঁছে তাঁর পাশে দাঁড়ান। তাঁরা দ্রুত অটোরিকশাটি উদ্ধারের জন্য পুলিশের কাছে জোরালো দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।থানার এত কাছাকাছি এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অটোরিকশা উদ্ধারের পাশাপাশি চোরদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *