Headlines

ফাউন্ডেশন ডে-তে মানুষের দুয়ারে স্বাস্থ্যসেবা, হেরিটেজ পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা AGMC-র

আগরতলা, ১ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (AGMC)-এর ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতালের চার দেয়ালের বাইরে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াল চিকিৎসকরা। শনিবার সকালে আগরতলার হেরিটেজ পার্কে আয়োজিত হয় একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেখানে প্রাতঃভ্রমণে আসা শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান।রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, ওজনসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে। পাশাপাশি চিকিৎসকরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কেও পরামর্শ দেন।২২তম ফাউন্ডেশন ডে উপলক্ষে এই উদ্যোগকে সাধারণ মানুষের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার আরও নিবিড় সংযোগ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন চিকিৎসকরা।এদিন উপস্থিত ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ কনক চৌধুরী বলেন, হাসপাতালের পাশাপাশি সমাজের মানুষের কাছেও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনস্বার্থমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।স্বাস্থ্য পরীক্ষা করাতে আসা প্রাতঃভ্রমণকারীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, এমন বিনামূল্যের স্বাস্থ্য শিবির মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অনেক রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *