১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বামুটিয়ার একটি ইটভাটা থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই উত্তর তালতলা ও বামুটিয়া বাজার সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, মৃত যুবকের নাম চন্দন সরকার (প্রায় ২৮)। তিনি সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত ১৩ দিন ধরে চন্দনের কোনও খোঁজ মিলছিল না। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সিধাই থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করা হয়েছিল।এরপর সোমবার সকালে লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বাজার এলাকার একটি ইটভাটায় চন্দনের ঝুলন্ত পচাগলা দেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পরই বিষয়টি তাঁদের নজরে আসে। পরে মৃতদেহটি চন্দন সরকারের বলে শনাক্ত করা হয়।পরিবারের অভিযোগ, নিখোঁজ ডায়েরি করার পরও চন্দনের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত ১৩ দিন পর তাঁর এমন মর্মান্তিক পরিণতির খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির কারণে চন্দন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
১৩ দিন পর ইটভাটায় মিলল নিখোঁজ যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামুটিয়ায়
