বিশ্বকর্মা পূজার আনন্দ-উৎসব শেষ হতে না হতেই রাতের অন্ধকারে উত্তপ্ত হয়ে উঠল উদয়পুর মহকুমার জোয়ালীখামার এলাকা। পূজার রাতে বাড়ির সামনে রাখা গাড়িকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের মতো এ বছরও জোয়ালীখামারের বাসিন্দা টুটন দাশের বাড়িতে আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা পূজার। পূজাকে ঘিরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে বেশ কিছুটা সময় আনন্দে কাটে পরিবারের। কিন্তু রাত গভীর হতেই সেই আনন্দের পরিবেশ বদলে যায় উত্তেজনায়।টুটন দাশের অভিযোগ, রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে এলাকার কমল নমঃ ও শ্যামল দাশ তার বাড়ির সামনে আসেন। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ি কার, তা জানতে চাওয়া হলে টুটন দাশ জানান, গাড়িটি তাঁর এক আত্মীয়ের। এরপর রাস্তায় গাড়ি রাখা নিয়ে আপত্তি জানানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয় বলে অভিযোগ।টুটনের দাবি, একপর্যায়ে বচসা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পরিবারের মহিলা সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের কয়েকজন সদস্য ভয়ে রাতের অন্ধকারে জঙ্গলের দিকে আশ্রয় নিতে বাধ্য হন বলেও অভিযোগ করেন তিনি।অভিযোগ, ঘটনায় টুটন দাশের আত্মীয়ের TR01 AC0708 নম্বরের গাড়িতে ভাঙচুর করা হয়। পাশাপাশি বাড়ির মহিলা সদস্যদের উপরও হাত তোলার অভিযোগ উঠেছে।ঘটনার পর সোমবার টুটন দাশ ও তাঁর পরিবারের সদস্যরা উদয়পুর মহিলা থানায় উপস্থিত হয়ে কমল নমঃ ও শ্যামল দাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।বিশ্বকর্মা পূজার মতো সামাজিক উৎসবের রাতে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। যদিও অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি। পুলিশের তদন্ত শেষ হলেই ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা আরও স্পষ্ট হবে।
বিশ্বকর্মা পূজার রাতেই উত্তেজনা, গাড়ি ভাঙচুরের অভিযোগ
