মাদকের বিরুদ্ধে অভিযানে সাফল্য সোনামুড়া থানার পুলিশের। মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ দল।গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৫ হাজার ৯৩০ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, এই টাকা মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত হতে পারে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৩০টি খালি কৌটা, যেগুলো ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের কন্টেইনার হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।বর্তমানে সোনামুড়া থানায় ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন বিশেষ পুলিশের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম উঠে এসেছে বলে দাবি পুলিশের।তবে সেই নামগুলি কতটা সত্যি, তা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সহযোগিতায় চলছে নামগুলির ভেরিফিকেশন।তদন্তে অভিযোগের সত্যতা ও উপযুক্ত প্রমাণ মিললে মাদক কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সোনামুড়ায় মাদক কারবারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম!
