নিজস্ব প্রতিনিধি | শান্তিরবাজার | ২৭ জুলাইশিক্ষক-ছাত্রের সম্পর্ক যে শুধুই শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, তারই এক আবেগঘন ছবি ধরা পড়ল দক্ষিণ ত্রিপুরার পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। প্রিয় বাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। তারা ক্লাস বয়কট করে একটাই দাবি তোলে—”সুবল স্যারের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে।”আন্দোলনরত ছাত্রছাত্রীদের বক্তব্য, সুবল দাস শুধু একজন শিক্ষক নন, তিনি তাঁদের অনুপ্রেরণা ও অভিভাবকের মতো। তাই তাঁর বদলির সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না।বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের হুঁশিয়ারি, বদলির আদেশ প্রত্যাহার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।পরিস্থিতির খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির ওপর নজরদারি শুরু করে। তবে সংবাদ লেখা পর্যন্ত ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল।শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীদের এই ভালোবাসা ও আবেগ এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে গোটা এলাকায়। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর এই দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।
‘সুবল স্যারকে ফিরিয়ে দিন’— প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে ক্লাস বয়কট, উত্তাল পশ্চিম বোকাফা স্কুল
