সকালের আলো ফোটার আগেই নেমে এলো শোকের ছায়া। সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো সপ্তম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম ডি সম্পারি ত্রিপুরা, বয়স মাত্র ১৩ বছর।জানা গেছে, সাব্রুমের পি এম শ্রী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সম্পারি। তার বাবা কিশোর ত্রিপুরা ইস্ট লুডুয়ার নতুন পুনর্বাসন কলোনির একজন এসপিও জওয়ান।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে এক বান্ধবীর সঙ্গে রাত কাটিয়েছিল সম্পারি। এরপর ভোররাতে নিজের ভাড়া বাড়িতে ফিরে আসে সে। কিছুক্ষণ পর বাড়ির ভেতরেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয় এলাকায়। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। মাত্র ১৩ বছরের একটি প্রাণের এমন করুণ পরিণতি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিলোনিয়া থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের দলও ঘটনাস্থলে আসছে বলে জানা গেছে।তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তার উত্তর এখনও অজানা। নাবালিকার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা পরিস্থিতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত রহস্য।
সাব্রুমে সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
