Headlines

শান্তিরবাজারে গরু বোঝাই পিকআপ উল্টে দুর্ঘটনা, আহত একাধিক পশু; চালক পলাতক

দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে শনিবার সকালে এক গরু বোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শান্তিরবাজারের BSNL অফিস সংলগ্ন এলাকায় অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি সাদা রঙের বোলেরো পিকআপ (নম্বর: TR08-1607) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।দুর্ঘটনার ধাক্কায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তার ওপর ছড়িয়ে পড়ে তেল ও মোবিল। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল গাড়ির ভেতরে থাকা গরুগুলোর অবস্থা। একাধিক গরু গুরুতরভাবে আহত হয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর আহত পশুগুলোর দিকে একবারও না তাকিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় নিয়মবহির্ভূতভাবে গবাদি পশু পরিবহনের অভিযোগ রয়েছে। প্রশাসনের কড়াকড়ি না থাকায় এবং অনেক ক্ষেত্রেই শুধুমাত্র জরিমানা করেই দায় সেরে ফেলার কারণে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহন বন্ধ হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত গবাদি পশু ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে—গবাদি পশু পরিবহনে নিয়ম লঙ্ঘন ও বেপরোয়া গতির বিরুদ্ধে প্রশাসন কি আরও কঠোর ব্যবস্থা নেবে, নাকি এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতেই থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *