অসমের কাছাড় জেলার লক্ষ্মীপুরে রাতভর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও ডিআরআই। ২৫ ও ২৬ আগস্টের মধ্যরাতে জুজহাং পাহাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৬০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৬৮ কোটি টাকা বলে জানানো হয়েছে। ঘটনায় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকগুলি প্রতিবেশী মণিপুর থেকে অসমে আনা হচ্ছিল। NH-37 হয়ে কাছাড় ও শ্রীভূমিকে করিডর হিসেবে ব্যবহার করে সেগুলি দেশের অন্যান্য অংশে পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান তদন্তকারীদের।আটক ব্যক্তি, উদ্ধার হওয়া মাদক এবং জব্দ করা ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।নিরাপত্তা বাহিনীর দাবি, এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ফলে উত্তর-পূর্বাঞ্চল থেকে দেশের মূল ভূখণ্ডে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি বড় চক্রে উল্লেখযোগ্য আঘাত এসেছে। যৌথ এই অভিযান মাদকবিরোধী লড়াইয়ে অসম রাইফেলস ও ডিআরআই-এর সমন্বিত তৎপরতারও গুরুত্বপূর্ণ নজির বলে মনে করা হচ্ছে।
লক্ষ্মীপুরে ১৬৮ কোটি টাকার ইয়াবা জব্দ, আন্তঃরাজ্য মাদক চক্রে বড় ধাক্কা
