নিজস্ব প্রতিনিধি: যক্ষ্মামুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বুধবার থেকে আভয়নগরের রিজিওনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (রিপস্যাট)-এ শুরু হয়েছে দু’দিনব্যাপী টিউবারকুলোসিস (টিবি) স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP)-এর উদ্যোগে আয়োজিত এই শিবির চলবে ২৯ ও ৩০ জুলাই, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।কর্মসূচির মূল লক্ষ্য শুধু টিবি রোগী শনাক্ত করা নয়, বরং সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা। শিবিরে আগতদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় স্ক্রিনিং এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।রিপস্যাটের প্রিন্সিপাল ঋসিরাজ ছেত্রী জানান, যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। তবে এজন্য প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে টিবি নিয়ে ভয় ও ভুল ধারণা দূর হবে এবং রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। সংশ্লিষ্টদের আশা, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রিপস্যাটে শুরু দু’দিনের টিবি স্ক্রিনিং শিবির, সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ
