আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রথযাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হলো কান্না আর হতাশায়। দেবদর্শনের উদ্দেশ্যে বাড়ির সবাই বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন, ঘরের দরজা ভাঙা, আলমারি তছনছ, আর মূল্যবান জিনিসপত্র উধাও। এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে আগরতলার লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহা পাড়ায়, বাসিন্দা জীবন বণিকের বাড়িতে।পরিবারের সদস্যরা জানান, রথযাত্রা উপলক্ষে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে পড়ে। নগদ অর্থ, সোনার গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।বাড়িতে ফিরে সবকিছু এলোমেলো অবস্থায় দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, উৎসবের সময় ফাঁকা বাড়িগুলিকে লক্ষ্য করেই চোরের দল সক্রিয় হয়ে উঠছে। তাই আবাসিক এলাকায় পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার তথ্য সংগ্রহের পাশাপাশি দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
রথযাত্রা দেখতে গিয়ে ফিরেই দুঃস্বপ্ন! ফাঁকা বাড়িতে দুঃসাহসিক লুট, কান্নায় ভেঙে পড়ল পরিবার
